Header Ads

Header ADS

মঙ্গল ১: মুখোশধারী ও অসৎ মানুষের সঙ্গ ত্যাগ (অসেবনা চ বালানং)

 


ত্রিপিটকে অবস্থান: এই মঙ্গল বাণীটি পবিত্র ত্রিপিটকের সুত্ত পিটকের অন্তর্গত ‘খুদ্দক নিকায়’-এর ‘খুদ্দকপাঠ’ (৫ম পাঠ: মঙ্গল সুত্তং গাথা নং ২) এবং ‘সুত্তনিপাত’ (চূলবর্গ, ৪র্থ সূত্র: মহামঙ্গল সুত্তং গাথা নং ২৬১) গ্রন্থে সংকলিত রয়েছে।

পালি গাথা: “অসেবনা চ বালানং, পণ্ডিতানঞ্চ সেবনা, পূজা চ পূজনীয়ানং, এতং মঙ্গলমুত্তমং।”
অনুবাদ: “মূর্খ লোকের সেবা না করা, জ্ঞানীলোকের সেবা করা ও পূজনীয় ব্যক্তিগণের পূজা করা– এই তিন প্রকার কর্ম করাই উত্তম মঙ্গল।”

আজকের আলোচ্য অংশ: ১ম মঙ্গল

উপরের পূর্ণাঙ্গ গাথাটিতে তিনটি মঙ্গলের কথা একসাথে বলা হয়েছে, যার প্রথম অংশটিই হলো আমাদের আজকের আলোচনার বিষয়:

  • মূল পালি বাণী: অসেবনা চ বালানং (Asevanā ca bālānaṃ)
  • শব্দার্থ: অসেবনা (মেলামেশা না করা বা পরিহার করা) + চ (Ca): এবং বা ও (সংযোজক অব্যয় হিসেবে ব্যবহৃত) + বালানং (অজ্ঞানী, মূর্খ বা নীতিজ্ঞানহীন ব্যক্তিদের)।
  • সহজ বাংলা অর্থ: অজ্ঞানী বা মূর্খ মানুষের সঙ্গে মেলামেশা না করা (অসৎ সঙ্গ ত্যাগ করা)।

১. একটি কঠিন প্রশ্ন: আপনি কি আসলেই নিরাপদ মানুষের মাঝে আছেন?

একবার নিজেকে প্রশ্ন করুন তো—আপনি প্রতিদিন যাদের সাথে উঠছেন-বসছেন, যাদের কথায় প্রভাবিত হচ্ছেন কিংবা যাদের পোস্ট দেখে সারাদিন সময় কাটাচ্ছেন, তারা কি আসলেই আপনার মঙ্গল চায়? নাকি আপনি অজান্তেই এমন কিছু মানুষের ফাঁদে পা দিয়েছেন, যারা বাইরে থেকে ভদ্রতার চাদর গায়ে দিয়ে ভেতরে ভেতরে আপনার জীবনটাকে বিষিয়ে তুলছে?

আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় বড় বড় ডিগ্রি নেওয়া শেখানো হয়, কিন্তু মানুষ চেনা শেখানো হয় না। স্কুল-কলেজের বইয়ে যেমন যৌতুক, পারিবারিক নির্যাতন কিংবা কর্মক্ষেত্রের নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়ার বাস্তব শিক্ষা নেই, তেমনি আমাদের সমাজেও আজ ‘ভালো মানুষ’ সেজে থাকার এক ভয়ংকর প্রতিযোগিতা চলছে।

গৌতম বুদ্ধ প্রায় আড়াই হাজার বছর আগে মানুষের কল্যাণের জন্য যে ৩৮টি মঙ্গলের কথা বলেছিলেন, তার একদম শুরুতেই তিনি কোন দান-ধ্যান বা উপাসনার কথা বলেননি। তিনি সবার আগে সতর্ক করে বলেছেন— “অসেবনা চ বালানং”, অর্থাৎ অজ্ঞানী বা মূর্খদের সঙ্গ ত্যাগ করো। কারণ তিনি জানতেন, ভুল মানুষের সংস্পর্শে থাকলে আপনার জীবনের কোনো চেষ্টাই সফল হবে না।

 

২. ‘মূর্খ’ আসলে কারা? ভদ্রতার মুখোশ পরা সমাজের আসল চেহারা

আমরা সাধারণত প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষকেই মূর্খ ভাবি। কিন্তু বৌদ্ধ দর্শনে ‘বাল’ বা মূর্খ মানে অশিক্ষিত মানুষ নয়; বরং যারা সমাজে ভদ্রতা, অধিকার রক্ষা কিংবা ধর্মের মুখোশ পরে ভেতরে ভেতরে বিষ ছড়ায়, তারাই প্রকৃত মূর্খ।

আজকের সমাজের চারপাশে তাকালে এই মুখোশধারী মানুষদের চেহারা খুব স্পষ্ট দেখা যায়:

  • ধর্মের আড়ালে পাপ ও উগ্রতা: আমাদের সমাজে যারা খাদ্যে ও ওষুধে ভেজাল মেশায়, শিক্ষা ও চিকিৎসাকে বাণিজ্যে পরিণত করেছে, কিংবা অফিসে বসে ঘুষ খায়—বাইরে থেকে তারাই সবচেয়ে বড় ধার্মিক সেজে থাকে। তারা এমনভাবে ধর্মচর্চা করে যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। ঘুষের টাকায় বড় ধর্মীয় অনুষ্ঠান করে ও দামি দান দিয়ে তারা সমাজে বাহবা কুড়ায়। এমনকি কিছু ধর্মীয় গুরু বা ভান্তেও নিজের স্বার্থে বুদ্ধের না-বলা কথা ধর্মের নামে চালিয়ে দিচ্ছেন। আবার সমাজে এমন একদল মানুষ আছে, যারা আপনি বিহার বা ধর্মীয় প্রতিষ্ঠানে না গেলে আপনার ‘স্বর্গলাভ হবে না’ ভেবে এমন অস্থির হয়ে পড়ে যে, শেষ পর্যন্ত এই সামান্য বিষয় নিয়েই মারামারি, খুনাখুনি আর মামলা-মোকদ্দমা পর্যন্ত বাধিয়ে দেয়!
  • অধিকার রক্ষার নামে ক্ষমতার অপব্যবহার: আজকাল সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিশু অধিকার, নারী অধিকার বা জেন্ডার সমতা নিয়ে কাজ করেন, তাদের একাংশের ভেতরেও ভয়ংকর দ্বিচারিতা দেখা যায়। প্রতিষ্ঠানের পলিসিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কেবল ব্যক্তিগত অপছন্দের কারণে তারা অনেক নির্দোষ সহকর্মীর চাকরি খেয়ে ফেলেন। অথচ কয়েক বছর পর দেখা যায়, ঠিক যে অন্যায়ের অভিযোগ তুলে তারা অন্যের জীবন নষ্ট করেছিলেন, নিজেরাই সেই একই অন্যায়ে লিপ্ত হচ্ছেন।
  • আত্মীয়স্বজন ও অফিসের নোংরা রাজনীতি: আমরা ভাবি শত্রু কেবল বাইরে থাকে। কিন্তু বাস্তবতা হলো, ফেসবুকে পরিবার বা সুখের কোনো ছবি দিলে বাইরের মানুষের চেয়ে চেনা মানুষ ও আত্মীয়রাই বেশি হিংসা করে। পাড়া-মহল্লায় এক ঘরের কথা আরেক ঘরে লাগিয়ে সাজানো সংসার ভেঙে দেওয়ার মানুষও কম নেই। অন্যদিকে, গ্রাম থেকে শহর—সর্বত্রই ক্ষমতার নোংরা রাজনীতি চলছে। অফিসে সৎ কর্মীকে মূল্যায়ন না করে তোষামোদকারীদের মাথায় তুলে রাখা হয়, অথচ সেই সৎ কর্মী চাকরি ছেড়ে চলে গেলে তার আসল যোগ্যতা বোঝা যায়।
  • চাপাবাজদের বিষাক্ত প্রভাব: আমাদের চারপাশে এমন একশ্রেণির মুখোশধারী ‘চাপাবাজ’ ঘুরে বেড়ায়, যাদের কাজের চেয়ে কথার আওয়াজ বেশি। এরা অবলীলায় বড় বড় মিথ্যা গল্প বানিয়ে নিজের ক্ষমতা, সততা বা সফলতার জাহির করে। এদের মিষ্টি ও চটকদার চাপাবাজিতে পড়ে অনেক সহজ-সরল মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, প্রতারিত হয় এবং নিজেদের ক্যারিয়ার ও সম্পর্ক নষ্ট করে। সমাজে অশান্তি ও বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে এই চাপাবাজরা নীরব ঘাতকের মতো কাজ করে।
  • সোশ্যাল মিডিয়ার বিকৃত মানসিকতা ও লোকদেখানো দান: অনলাইনে ভিউ ও ডলার কামানোর নেশায় একশ্রেণির মানুষ সবসময় ওত পেতে থাকে—কখন লাশের ছবি, ধর্ষণ বা খুনের খবর কিংবা অশ্লীল কনটেন্ট ছড়িয়ে ব্যবসা করবে। আবার কেউ কেউ ফেসবুকে কেবল ভিকটিমের ছবি দিয়ে মায়াকান্না করে নিজেদের ভালো মানুষ সাজায়, কিন্তু আসল অপরাধীকে ভয়ে বা স্বার্থে আড়াল করে রাখে। এমনকি অসহায় মানুষকে সামান্য খাবার বা টাকা দেওয়ার সময়ও এমনভাবে ক্যামেরায় পোজ দেয়, যেন গরিবের উপকার নয় বরং নিজের স্বার্থের বিজ্ঞাপন দিচ্ছে।

 

৩. এই সঙ্গ আপনাকে ভেতর থেকে কীভাবে শেষ করে দিচ্ছে?

আমরা অনেক সময় ভাবি, "এরা খারাপ হলে আমার কী? আমি তো ঠিক আছি!"—কিন্তু মানুষের মন বড়ই সংবেদনশীল। সঙ্গ কীভাবে একজন প্রাণীর পুরো স্বভাব বদলে দেয়, তার প্রমাণ রয়েছে ত্রিপিটকের ‘সত্তিগুম্ব জাতক’-এ। এক বনে এক তোতাপাখির দুটি ছানা ঝড়ে আলাদা হয়ে গিয়েছিল। একটি ছানা পড়েছিল ডাকাতদের আস্তানায়, অন্যটি ঋষির আশ্রমে। ডাকাতদের সাথে বড় হওয়া পাখিটি মানুষ দেখলেই চিৎকার করত— "মারো, কাটো, লুট করো!" আর ঋষির আশ্রমের পাখিটি অতিথি দেখলেই মিষ্টি সুরে বলত— "আসুন, বসুন, বিশ্রাম নিন।"

একই মায়ের সন্তান হয়েও কেবল পরিবেশ ও সঙ্গের কারণে দুটি পাখির চরিত্র সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছিল। আজ আপনিও যদি এই মুখোশধারী, পরচর্চাকারী, চাপাবাজ ও বিকৃত মানসিকতার মানুষগুলোর সাথে নিয়মিত ওঠাবসা করেন, তবে তিনটি ভয়াবহ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে:

 

১. আপনার বিবেক ভোঁতা হয়ে যাবে: প্রতিদিন অন্যায়, মিথ্যাচার আর লোকদেখানো ভণ্ডামি দেখতে দেখতে একসময় এগুলোকেই আপনার কাছে স্বাভাবিক মনে হবে।
২. মানসিক শান্তি ও আত্মবিশ্বাস হারাবেন: কাছের মানুষের হিংসা, অফিসের নোংরা রাজনীতি আর পরচর্চার বিষ আপনার ভেতরের প্রশান্তি কেড়ে নেবে। আপনি সারাক্ষণ অস্থিরতা ও সন্দেহে ভুগবেন।
৩. নিজের অজান্তেই ধ্বংসের পথে পা বাড়াবেন: চাপাবাজদের পাল্লায় পড়ে বা অসৎ সঙ্গের প্ররোচনায় আপনি এমন সব ভুল সিদ্ধান্ত নেবেন, যা আপনার ক্যারিয়ার, পরিবার এবং পরকাল—সবকিছুই নষ্ট করে দেবে।

৪. মুক্তির পথ: আজ থেকেই যে পদক্ষেপগুলো নেবেন

সমাজ থেকে রাতারাতি সব মুখোশধারী মানুষকে বদলে দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু নিজের জীবনকে বাঁচানোর ক্ষমতা আপনার হাতেই আছে। এই বিষাক্ত পরিবেশ থেকে নিজেকে রক্ষা করতে আজই কঠোর হোন এবং নিচের কাজগুলো শুরু করুন:

  • মুখোশ চিনতে শিখুন: কারো বাহ্যিক ধর্মীয় পোশাক, বড় দান, চাপাবাজি কিংবা মানবাধিকারের বুলি শুনে ভুলবেন না। মানুষ চিনুন তার কাজের মাধ্যমে—সে কীভাবে অর্থ উপার্জন করছে, দুর্বলের সাথে কেমন আচরণ করছে এবং ক্ষমতার অপব্যবহার করছে কি না তা দিয়ে।
  • সম্পর্কের সীমানা টানুন: যে আত্মীয়, সহকর্মী বা প্রতিবেশী এক ঘরের কথা আরেক ঘরে লাগায়, আপনার সুখ দেখে হিংসা করে কিংবা ধর্ম ও অফিসের নামে নোংরা রাজনীতি করে—তাদের সাথে দূর থেকে কেবল ভদ্রতার সম্পর্ক রাখুন। ব্যক্তিগত জীবন বা গোপন কোনো কথা এদের সাথে শেয়ার করবেন না।
  • ডিজিটাল আবর্জনা পরিষ্কার করুন: যারা লাশের ছবি, অশ্লীলতা কিংবা লোকদেখানো দানের নাটক করে ভিউ ব্যবসা করে—তাদের আজই আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে ব্লক ও আনফলো করুন। আপনার চোখ ও মস্তিষ্ককে এই ডিজিটাল বিষ থেকে মুক্ত রাখুন।
  • বিবেকের কাছে পরিষ্কার থাকুন: লোকদেখানো ভালো মানুষ হওয়া বন্ধ করুন। মনে রাখবেন, ঘুষের টাকায় বা অন্যের ক্ষতি করে করা কোনো দান বা ধর্মকর্মই আপনাকে পাপ থেকে বাঁচাতে পারবে না। নিজের ভেতরের নৈতিকতা এতটাই শক্ত রাখুন, যেন কোনো বিষাক্ত পরিবেশ আপনাকে স্পর্শ করতে না পারে।

আজকের মূলমন্ত্র:

"মুখোশধারী ও বিষাক্ত মানুষদের সংস্পর্শ ত্যাগ করাই নিজেকে ও নিজের জীবনকে বাঁচানোর প্রথম শর্ত।"

No comments

Theme images by luoman. Powered by Blogger.